কুরুচীপূর্ণ ওয়েব সিরিজ: চিঠি পায়নি রবি, অভিযোগ অস্বীকার গ্রামীণফোনের

২৫ জুন, ২০২০ ১৯:৫৬  
গ্রামীণফোন ও রবির প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন ভিডিও কন্টেন্ট অনলাইনে আপলোড ও প্রচারের বিষয়ে মোবাইল কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার তথ্য অধিদপ্তর থেকে কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর ব্যাখ্যা চেয়ে পৃথক পত্র জারি করা হয়।  চিঠি অনুযায়ী কুরুচীপূর্ণ কোনো ওয়েব সিরিজ প্রচারের কথা অস্বীকার করেছে গ্রামীণফোন। অপরদিকে বৃহস্পতিবার অফিস সময়ে এই চিঠি হাতে না পাওয়ার কথা জানিয়েছেন রবি’র হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম। এ কারণেই এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অপরদিকে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স মুহাম্মদ হাসান বলেছেন, আমাদের কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এ ধরনের কোনো কন্টেন্ট প্রচারিত বা প্রকাশিত না করার ব্যাপারে আমরা সদা সতর্ক থাকি এবং এ ব্যাপারে আমাদের পার্টনারদেরও নিয়মিতভাবে সতর্ক করা হয়। বাংলাদেশের সংস্কৃতির প্রচার ও প্রসারে গ্রামীণফোন সবসময়ই সচেতন এবং শ্রদ্ধাশীল। অশ্লীল ও নীতিবিরুদ্ধ কোনো কন্টেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই কঠোর অবস্থান গ্রহণ করি।